বাংলাদেশ

প্রধানমন্ত্রীর দিল্লি সফরে যাওয়ার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড

প্রধানমন্ত্রীর দিল্লি সফরে যাওয়ার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের কর্মকাণ্ডকে দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের নতুন সরকারের চ্যালেঞ্জগুলো ভারতকে বোঝার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ভারতে অবস্থানরত নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিষয়ে ভারতকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

শেখ হাসিনা ও তার সহযোগীদের সংযত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে দ্বিপাক্ষীয়। সফর ঘিরে কিছু চ্যালেঞ্জ থাকলেও আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধান করা সম্ভব। শেখ হাসিনা ও তার সহযোগীরা দিল্লিতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড ভারতের জন্যও কোনো সুফল বয়ে আনছে না।

শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনের সময় প্রায় দুই হাজার নাগরিককে হত্যার অভিযোগও করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, ঢাকা এসব আলোচনাকে স্বাগত জানায়। ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রীর দাবি, শেখ হাসিনা ও তার সহযোগীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ভারতের পক্ষ থেকে কিছু ইতিবাচক পদক্ষেপ দেখা যাচ্ছে। তাদের নিয়ন্ত্রণে রাখা গেলে দুই দেশের দ্বিপাক্ষীক সম্পর্কে বড় কোনো সমস্যা থাকবে না।

তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে হুমায়ুন কবির বলেন, অনুকূল সময়ে সফরটি হতে পারে এবং এ বিষয়ে তিনি আশাবাদী। প্রধানমন্ত্রী কখনো ভারত সফর করবেন না এমন কোনো বক্তব্যও দেননি।

তবে ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ভূমিকার প্রশংসা করেছেন হুমায়ুন কবির। আওয়ামী লীগের নেতৃত্বকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি ‘বাধা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভারতের হাইকমিশনার এ বিষয়ে কাজ করছেন। দিল্লি তার মতামতকে গুরুত্ব দিলে বাংলাদেশ সব ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পৃক্ত হতে প্রস্তুত বলেও জানান তিনি।

দুই দেশের সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, ঢাকা ভারতের কাছ থেকে কিছু ‘পারস্পরিক আদান-প্রদান’ প্রত্যাশা করে।

তিনি বলেন, বাংলাদেশে অবস্থান করে কেউ যেন ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে না পারে, সে বিষয়ে ঢাকা যেমন সচেতন থাকবে, তেমনি ভারতের কাছ থেকেও একই ধরনের পদক্ষেপ প্রত্যাশা করে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে, দুই দেশের সরকার জাতীয় স্বার্থকে সামনে রেখে আলোচনায় বসলে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব।

বিষয়:দিল্লি সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…