আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটে ঝলক দেখিয়েছেন শারমিন আক্তার সুপ্তা। আইরিশ মেয়েদের হোয়াইটওয়াশ করার পথে ব্যাটে বাংলাদেশের মেয়েদের নেতৃত্ব দিয়েছেন। যা দিয়ে আইসিসির নভেম্বর মাসে মেয়েদের সেরা খেলোয়াড়ের দৌড়ে মনোনীত হয়েছেন টাইগ্রেস ব্যাটার। সেরার দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ওপেনার ড্যানি ওয়াট-হজ ও সাউথ আফ্রিকা অলরাউন্ডার নাদিন ডি ক্লের্ক।
সিরিজের দুটি ম্যাচ নভেম্বরে খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচে ২৮ বর্ষী শারমিনের সংগ্রহ ৬৯.৫০ গড়ে এবং ৯১.৪৪ স্ট্রাইক রেটে ১৩৯ রান। ২৭ নভেম্বর বাংলাদেশের রেকর্ড ১৫৪ রানের জয়ের ম্যাচে তিনি ৮৯ বলে ৯৬ রান করেন। ৩০ নভেম্বর দ্বিতীয়টিতে করেন ৬৩ বলে ৪৩ রান। ২ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডেতেও ধারাবাহিক শারমিন। ৮৮ বলে ৭২ রান করেন। সেটি অবশ্য বিবেচনা করা হয়নি। সিরিজে সর্বমোট ২১১ রান করেন তিনি।
সাউথ আফ্রিকাকে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পথে দারুণ করেছেন ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ। তিন ম্যাচে ৭১ গড়ে ১৬৩.২১ স্ট্রাইকরেটে ১৪২ রান করেন ৩৩ বর্ষী ওপেনার।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ হলেও আলো ছড়িয়েছেন সাউথ আফ্রিকার নাদিন ডি ক্লের্ক। ব্যাটে তিন ম্যাচে ৮০ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নেন ২৪ বর্ষী প্রোটিয়া অলরাউন্ডার।







