চেন্নাইয়ে নামার কদিন আগে কাউন্টিতে খেলে এসেছেন সাকিব আল হাসান। সারের হয়ে সমারসেটের বিপক্ষে বল হাতে দুই ইনিংসে ৬০ ওভারের বেশি করে ৯ উইকেট নিয়েছেন। কিন্তু চেন্নাই টেস্টে যেন অচেনা থাকলেন। বল হাতে নামমাত্র দেখা গেছে তাকে। প্রথম ইনিংসে ৮ ওভার ও দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার করেছেন, উইকেট পাননি। টাইগার অলরাউন্ডারকে বল কম করানোর কারণ জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক ম্যাচ শেষে বলেছেন, সাকিবকে বলে আনাটা খুব বেশি প্রয়োজন মনে হয়নি।
ব্যাটারদের ব্যর্থতায় ভারতের কাছে সিরিজের প্রথম টেস্টে ২৮০ রানে হার দেখেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শান্ত জানিয়েছেন সাকিবের বল কম করা সম্পর্কে।
‘সাকিব ভাইয়ের বোলিংয়ের ব্যাপারে যেটা বললেন, আমাদের প্রথম ইনিংসে যদি দেখেন, তিন পেসারই খুব দারুণ বল করেছেন। আমার প্রয়োজনই পড়েনি তাকে বোলিংয়ে আনার জন্য। একপাশ থেকে মিরাজ ভালো করেছিল। এটা পরিকল্পনাই ছিল যে, যতবেশি পেসারদের বল করাতে পারি। আমার মনে হয় ছয়টা উইকেটও আমরা খুব তাড়াতাড়ি নিলাম, এটাই পরিকল্পনা ছিল।
ম্যাচের মাঝে সাকিবের আঙুলের চোট নিয়ে বিতর্ক উঠেছে। সে প্রসঙ্গে অধিনায়ক বললেন, ‘আঙুলের যে ব্যাপারটা, টেপ পেঁচাইছেন। ব্যাটিংয়ে গ্লাভসে একটা বল লাগছিল, আপনারা যদি খেয়াল করে দেখেন। সেখানে ব্লিডিং হয়েছিল। যার কারণে টেপটা প্যাঁচানো হয়েছে।’







