আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে অনেকদিন ধরেই সর্বাধিক উইকেট শিকারি বোলার ছিলেন সাকিব আল হাসান। এবার তার সেই আসন দখল করলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। ২০ ওভারের ক্রিকেটে এককভাবে সর্বাধিক উইকেট দখল করা বোলার এখন ৩৩ বর্ষী কিউই ক্রিকেটার।
শনিবার সিডনিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে বোল্ড করে সাকিবকে ছাড়িয়ে যান সাউদি। এরপর তিনি মিচেল মার্শ ও প্যাট কামিন্সের উইকেটও পেয়ে যান।
১০১ ম্যাচে সাউদির উইকেটসংখ্যা ১২৫। টি-টুয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে উইকেট শিকারির তালিকার দুইয়ে নেমে যাওয়া সাকিব ১০৪ ম্যাচ খেলে ১২২ উইকেট পেয়েছেন।
তিনে আছেন আফগানিস্তানের রশিদ খান, ১১৮ উইকেট ৭১ ম্যাচে। চারে লঙ্কান রিটায়ার্ড লাসিথ মালিঙ্গা ১০৭ উইকেট ৮৪ ম্যাচে।
আগামী ২৪ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সাকিবের সামনে বল হাতে সাউদিকে টপকে নিজের হারানো আসন ফিরে পাওয়ার সুযোগ থাকছে। বলা চলে, বিশ্বকাপে সাকিব-সাউদির বল হাতে চলবে উইকেট শিকারে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই।








