ব্যাট হাতে নেমে সাকিব আল হাসান খেলেছেন কার্যকরী ইনিংস। বল হাতে অবশ্য ছিলেন একেবারে খরুচে। মি. অলরাউন্ডারের দলও পেয়েছে পরাজয়ের স্বাদ। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে ৬ উইকেটে হেরেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা নাইট রাইডার্স তোলে ৬ উইকেটে ১৬৫ রান। জবাবে ইউনিকর্নস ২৮ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
চার নম্বরে খেলতে নামা সাকিব ২৬ বলে ৬ চারে ৩৫ রান করেন। পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদের বলে উইকেটরক্ষক জশ ইংলিশের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন।
আন্দ্রে রাসেল ২৫ বলে ২ চার ৩ ছক্কায় সর্বোচ্চ ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। ডেভিড মিলারের ব্যাটে ১৮ বলে এক চার ও এক ছক্কায় আসে ২৪ রান।
ইউনিকর্নসের ব্যাটিংয়ের সময় চতুর্থ ওভারে বল হাতে নেন সাকিব। নিজের প্রথম ওভারে ৮ রান দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পরের ওভারে তার বলে তিন ছক্কার হাঁকান ফিন অ্যালেন, খরচ করেন ১৯ রান। দুই ওভারে ২৭ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।
অ্যালেন ৩৭ বলে ৪টি চার ও ৫ ছক্কায় ৬৩ এবং ম্যাথু শর্ট ২৬ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলে ইউনিকর্নসের জয়ের ভিত গড়ে দেন।







