সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে আফগানদের জয়ের দিনে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন মোহাম্মদ নবি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২ হাজার রান ও ১০০ উইকেটের ডাবলের রেকর্ড এতদিন ছিল শুধু বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানে। সেই এলিট ক্লাবে সঙ্গী হলেন আফগান অলরাউন্ডার।
আমিরাতে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে কীর্তিটি গড়েছেন নবি। ফখর জামানকে আউট করে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে নাম লেখান। পরে আরও একটি উইকেট শিকার করেন ৪০ বর্ষী তারকা। ৪ ওভার বল করে ২০ রানে ২ উইকেট নেন ডানহাতি স্পিনার।
আফগানদের হয়ে এপর্যন্ত ১৩৪টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেছেন নবি। ব্যাট হাতে ২২.২৪ গড় ও ১৩৫.৮৭ স্ট্রাইকরেটে করেছেন ২,২৪৬ রান। টি-টুয়েন্টিতে ব্যাট হাতে ২,৫৫১ রানের পাশাপাশি বলে ১৪৯ উইকেট রয়েছে সাকিবের।
শারজাহতে মঙ্গলবার টস জিতে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। তাড়ায় নেমে ৯ উইকেট ১৫১ রানের বেশি যেতে পারেনি পাকিস্তান। ১৮ রানের জয় তোলে রশিদ খানের দল। জয়ে ফাইনালের পথে রয়েছে তারা।








