ধর্মশালায় ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়নদের দেয়া ৩৬৫ রানের লক্ষ্যে ব্যাটে নেমে টিম টাইগার্স থেমেছে ২২৭ রানে। ১৩৭ রানের বড় পরাজয়ের কারণ ব্যাখ্যায় পরিকল্পনা বাস্তবায়িত করতে না পারার কথা বলছেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে ভালোটা মনে রেখে সামনে এগিয়ে যাওয়ার আশ্বাসও দিয়েছেন টাইগার অধিনায়ক।
ম্যাচ শেষে সাকিব বলেছেন, ‘টসে জয় লাভ করাটা ভালো ছিল, তখন আবহাওয়া ঠান্ডা ছিল। গতকাল রাতেও কিছুটা বৃষ্টি হয়েছিল। আমরা শুরুটা ভালো করিনি, বিশেষ করে প্রথম দশ ওভার। আপনি যখন কাউকে একটি সুযোগ দেবেন, তাখন সে সবসময় শক্তিশালী হবে। তবে আমরা দৃঢ়ভাবে ম্যাচে ফিরেছি, কিন্ত একটু দেরি হয়ে গেছে।’
ইংলিশদের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের টপঅর্ডার ব্যর্থ হয়েছে। নয় ওভার পূর্ণ হওয়ার আগেই ৪৯ রানে চার ব্যাটারকে হারায় টিম টাইগার্স। টপঅর্ডারদের ভরাডুবিকে পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন সাকিব। বলেছেন, ‘আপনি যখন প্রথম দশ ওভারে চার উইকেট হারান, তখন ৩৫০ রান তাড়া করা খুবই কঠিন।’
পরিকল্পনা বাস্তবায়িত করতে না পারার বিষয়টি উল্লেখ করে সাকিব বলেছেন, ‘আমাদের একটি খুব ভাল পরিকল্পনা ছিল, কিন্তু আমরা তা বাস্তবায়ন করতে পারিনি। প্রথম পাঁচ-ছয় ওভারে বল ভালোভাবেই সুইং করছিল। কিন্তু তখনই পরিস্থিতি ইংল্যান্ডের পক্ষে চলে যায়। সে দিক থেকে আমরা তাদের ভালভাবে সামাল দিয়েছি।’
‘আমি মনে করি, এখানে ৩২০-৩৩০ রানে আটকাতে পারলে আপনার সম্ভাবনা থাকবে। কিন্তু আমরা তা পারিনি। যদিও এটি একটি বড় টুর্নামেন্ট। সামনে আমাদের কিছু কঠিন ম্যাচ আছে। আমাদের আটকানো যাবে না। ইতিবাচক বিষয়গুলো মনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।’








