অল্প কিছুদিনের মধ্যেই ঘরছাড়া হবেন শাহরুখ খান। বাদশার বাস ভবন মান্নাতের সংস্কারের জন্য তারা থাকবেন বান্দ্রার পালি হিল এলাকার একটি ভাড়া বাড়িতে। সেই বাড়ি ছাড়ার গুঞ্জনের মধ্যেই আলিবাগের খামারবাড়ি থেকে ফেরার পথে ক্যামেরাবন্দী হন বাদশা।
রবিবার (২ মার্চ) গেটওয়ে অফ ইন্ডিয়ায় পরিবারের সঙ্গে দেখা গেল শাহরুখ খানকে। এদিন গৌরী, আব্রাম, সুহানা, আরিয়ান এবং ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে তাকে ফেরি পারাপার করতে দেখা যায়। পরিবারের আর পাঁচজনকে বোঝা গেলেও শাহরুখ নিজেকে হুডির আড়ালে লুকিয়ে রেখেছিলেন।
ছবি শিকারীদের থেকে নিজেকে আড়াল করার জন্য শাহরুখ বেছে নিয়েছিলেন কালো রঙের একটি পোশাক। যার আড়ালে নিজেকে খুব ভালোভাবে লুকিয়ে রেখেছিলেন তিনি। তবে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়ে যায়। ছবি শিকারীদের তোলা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গৌরী, আব্রাম এবং পূজা সামনে হেঁটে আসছেন। পিছনে কালো হুডির আড়ালে যে ভদ্রলোক ছিলেন তিনি যে নিঃসন্দেহে শাহরুখ, তা নিয়ে কোন দ্বন্দ্ব নেই কারও। ভিডিওতে ডেনিম জিন্স পরিহিত বাদশাকে হাতে ছোট্ট পোষ্যকে নিয়ে পরিবারের পিছু পিছু হেঁটে আসতে দেখা যায়।
ভিডিওটি ভাইরাল হতেই একটা প্রশ্ন মনে জাগে, মুম্বাই ছেড়ে গোটা পরিবার নিয়ে কোথায় গিয়েছিলেন শাহরুখ? ভিডিও দেখে অনেকেই মনে করছেন, মুম্বাই ছেড়ে পরিবারকে নিয়ে হাওয়া বদল করার জন্য হয়ত আলিবাগের খামারবাড়িতে গিয়েছিলেন শাহরুখ।







