জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিনের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন দ্বৈত গান ‘ফড়িং প্রজাপতি’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সাফিকা নাসরিন মিমি।
রবিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। সংগীতাঙ্গনে প্রিয় মুখ শফিক তুহিন। স্টেজ শোর পাশাপাশি তিনি নিয়মিত নতুন গান প্রকাশ করে যাচ্ছেন প্রতিষ্ঠিত ও নবীন শিল্পীদের সঙ্গেও। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল এই মিষ্টি রোমান্টিক দ্বৈত গানটি।
‘ফড়িং প্রজাপতি’ গানটির কথা লিখেছেন হায়াত কামাল। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন শফিক তুহিন। সংগীতায়োজন করেছেন সালমান জেইম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হিসেবেও অভিনয় করেছেন শফিক তুহিন ও সাফিকা নাসরিন মিমি।
উল্লেখ্য, সাফিকা নাসরিন মিমি শান্তিনিকেতন থেকে সংগীতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে ‘সোল এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘ফড়িং প্রজাপতি’ খুব মিষ্টি একটি গান। সাফিকা নাসরিন মিমি অসাধারণ গেয়েছেন। তিনি সংগীতে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত, ফলে গানে তার দখল স্পষ্ট। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে সুর করার চেষ্টা করেছি। চন্দন রায় চৌধুরীও চমৎকার একটি ভিডিও নির্মাণ করেছেন। সব মিলিয়ে শ্রোতাদের গানটি ভালো লাগবে বলে আশা করছি।
অন্যদিকে সাফিকা নাসরিন মিমি বলেন, এমন সুন্দর একটি গান করার সুযোগ করে দেওয়ার জন্য শফিক তুহিন ভাইকে ধন্যবাদ। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস গানটি অনেক দূর যাবে।








