অবশেষে চলচ্চিত্রে ফিরছেন নায়িকা শাবনূর। এর আগে ‘মাতাল হাওয়া’ ছবি দিয়ে তার ফেরার কথা থাকলেও জানা যায়, শাবনূর ফিরছেন অন্য ছবি দিয়ে। তার নতুন ছবির নাম ‘রঙ্গনা’। নারীপ্রধান গল্পে থ্রিলার ঘরানার এ ছবিতে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন সাড়া জাগানো এই নায়িকা।
জানা যায়, অস্ট্রেলিয়া থাকাকালীন শাবনূর ‘রঙ্গনা’ ছবিটি করবেন বলে নিশ্চিত করেছিলেন। পরিচালনা করতে যাচ্ছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। নতুন এই ছবির শুটিং আগামী ফেব্রুয়ারিতে শুরু করতে চান নির্মাতা। আর এর মাধ্যমে দীর্ঘবছর পর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর।
‘রঙ্গনা’ পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন আরাফাত। এর আগে তিনি বেশকিছু চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। শাবনূরের বিপরীতে কে থাকছেন তা অচিরেই জানানো হবে বলে জানিয়েছেন এই নির্মাতা।
তিনি বলেন, থ্রিলার গল্পে ‘রঙ্গনা’ নির্মিত হবে। দর্শকরা এখনো শাবনূরকে পর্দায় চান। সেই অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পের ছবিতে দেখা গেছে। এটি নারী কেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই এ ছবির গল্প এগিয়ে যাবে। ‘রঙ্গনা’ ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
এদিকে শাবনূর জানান, অস্ট্রেলিয়া থাকাকালীন সাত মাস আগে ‘রঙ্গনা’র গল্পটি তাকে পাঠানো হয়। তিনি বলেন, তখনই কাজটি করতে রাজি হই। গানগুলো খুবই চমৎকার। গান শুনেই ইচ্ছে করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই ছবি দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াব। নিজেকে প্রস্তুত করছি।
‘রঙ্গনা’ ছবিতে তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল। দুটি গান গাইবেন ও সুর এবং সঙ্গীতায়োজন করবেন শ্রোতাপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। ‘রঙ্গনা’র কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।
ঢাকা/এনই/এনএস








