অ্যাডিলেড ওভাল: বাংলাদেশের চিরস্মরণীয়

An aerial shot of a modern stadium with a cricket ground, seating areas, and adjacent sports facilities. Channel i News – চ্যানেল আই নিউজ
রোববার প্রথম রাউন্ডের খেলা দিয়ে বসতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বাছাই শেষে মাঠে গড়াবে ‘সুপার টুয়েলভ’ তথা মূল আসর। আয়োজনে কোথাও ঘাটতি রাখছে না স্বাগতিক অস্ট্রেলিয়া। চার-ছক্কার ফুলঝুরি দেখতে দেশটিতে ভ্রমণ করছে লাখো ক্রিকেটপ্রেমী। তাদের বরণ করে নিতে প্রস্তুত সাত ভেন্যুর শহরগুলো।
কোথায় কোথায় গড়াবে ব্যাট-বলের ঠুক-ঠাক, কোথায় উন্মাদনা সবুজ গালিচা পেরিয়ে আছড়ে পড়বে গ্যালারিতে? সেসবের পরিচিতিতে এপর্বে থাকছে এবারের ছোট ফরম্যাটের বিশ্ব আসরে অ্যাডিলেডের ভেন্যু অ্যাডিলেড ওভালের কথা।
২০১৫ সালের ৯ মার্চ। বাংলাদেশের ক্রিকেটে স্বর্ণখচিত দিন। টাইগার পেসার রুবেল হোসেনের ইয়র্কার বল সামলাতে পারলেন না জেমস অ্যান্ডারসন। বল স্টাম্পে আঘাত হানার সঙ্গে সঙ্গে বুনো উল্লাসে মাতলেন রুবেল, সঙ্গী সতীর্থরা। বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার নজির গড়ল বাংলাদেশ।
ধারাভাষ্যে থাকা সাবেক ইংলিশ অধিনায়ক নাসির হোসেন বলে উঠলেন, ইংল্যান্ডের সিংহদের বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশের টাইগাররা! বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দিন। অবশ্য, মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে ওয়ানডের সেই আসরজুড়েই দারুণ খেলেছিল টিম টাইগার।
আধুনিকতা এবং ঐতিহ্য, এ দুইয়ের মিশেলের কারণে অ্যাডিলেড সবার কাছে সমাদৃত।
১৮৭১ সালে নির্মিত স্টেডিয়ামটিতে একসঙ্গে বসে খেলা দেখতে পারেন ৫৩,৫০০ দর্শক। ২০১৩ সালে বড় সংস্কারের ফলে ধারণক্ষমতা বৃদ্ধি পায়। বিশ্বমানের ইভেন্ট আয়োজনের জন্য এর রয়েছে সুনাম। এখানে ক্রিকেট, ফুটবল, রাগবি লিগ নিয়মিতই হয়ে থাকে। অ্যাডেলে, গানস এন রোজেস এবং রোলিং স্টোনসসহ বিখ্যাত শিল্পীদের কনসার্টও হয়েছে সেখানে।
২০১৭ সালে প্রথম দিবা-রাত্রির অ্যাশেজ টেস্টের ভেন্যু ছিল অ্যাডিলেড। ছাদখোলা স্টেডিয়ামে দর্শকরা খেলা উপভোগ করতে পারেন। এই মাঠটিতেই আছে বিশ্বখ্যাত ব্র্যাডম্যান কালেকশন মিউজিয়াম। অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের সম্মানে যেটি নির্মিত।
এবারের বিশ্বকাপে ৭টি ম্যাচ আয়োজন করবে অ্যাডিলেড। এখানেই ২ নভেম্বর ভারতের বিপক্ষে এবং ৬ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১০ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যুও ১৫১ বছরের পুরনো স্টেডিয়ামটি।







