স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে হার দেখেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগ্রাস। নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে লড়াকু পুঁজির গড়ার পর বল হাতে দাপট দেখিয়েছেন রিতু মনি। তার চার উইকেট শিকারের ম্যাচে ৩৪ রানে জিতেছে লাল-সবুজের মেয়েরা।
এডিনবার্গে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৫২ রান তোলে সফরকারী দল। জবাবে নেমে ১৯ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড।
রানতাড়ায় নেমে সর্বোচ্চ রান করেছেন সারা ব্রেস। ৪১ বলে ৪০ রান স্কটিশ ব্যাটার। ক্যাথেরিন ব্রেস ১৪ বলে ২১, প্রিয়ানাজ চ্যাটার্জি ১৪ বলে ১৮ এবং আলিসা লিস্টার ১২ বলে ১৬ রান করেন।
টাইগ্রেস বোলারদের মধ্যে রিতু মনি ২ ওভারে ১২ রানে ৪ উইকেট নেন। মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা নেন দুটি করে উইকেট।
এর আগে ব্যাটে নেমে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান আসে জ্যোতির ব্যাট থেকে। টাইগ্রেস অধিনায়ক ৬ চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৫৮ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন সোবহানা মোস্তারি। ৩১ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১ ছক্কার মার।
এছাড়া স্বর্ণা আক্তার ২৩ বলে ২০ এবং দিলারা আক্তার ১০ বলে ১৫ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
স্কটল্যান্ড বোলারদের মধ্যে মাইসিয়ে ম্যাকেরিয়া ও ক্যাথেরিন ব্রেস দুটি করে উইকেট নেন। ক্রিস্টিয়ে গর্ডন ও ক্যাথেরিন ফ্রেজার নেন একটি করে উইকেট।








