এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র সারুপের সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। ঘটনার প্রায় দুদিনের মতো সময় পার হয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি।
বুধবার (১৭ জুন) বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েও নিখোঁজ ওই শিক্ষার্থীর সন্ধান পায়নি। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সারুপ স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে নামে সারুপ। একপর্যায়ে সে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। তার বন্ধুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নদীর স্রোত ও গভীরতা বিবেচনা করে নিখোঁজ ছাত্রটিকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে এই দুর্ঘটনার পর থেকে নিশ্চিন্তপুর এলাকায় নিখোঁজ স্কুলছাত্রের পরিবার ও স্থানীয়দের মাঝে ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে।







