ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (১৪ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ দাবি জানান তিনি।
সারজিস লিখেছেন, সময়ের সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যান মাদকসেবন, চাঁদাবাজি ও নানা অপরাধের আখড়ায় পরিণত হয়েছে। অথচ এই এলাকার আশপাশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট ও অফিস রয়েছে। তিনি অভিযোগ করেন, এসব বাহিনী অপরাধ দমনে ব্যবস্থা না নিয়ে বরং অনেক সময় এসবের অংশীদার হয়ে উঠছে।
তিনি আরও বলেন, এরই ফলশ্রুতিতে আমাদের তরুণরা বিপথে যাচ্ছে এবং প্রাণ হারাচ্ছে। সাম্য হত্যাকাণ্ড সেই ঘটনারই ধারাবাহিকতা।

সারজিস আলম এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিত সাঁড়াশি অভিযান চালানোর এবং পুরো উদ্যান এলাকাকে নজরদারির আওতায় আনার আহ্বান জানান।
তিনি বলেন, মাদক, চাঁদাবাজি, ছিনতাইসহ যেকোনো অপরাধ বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে উদ্যানের ভেতরে থাকা অপ্রয়োজনীয় কাঠামো ভেঙে প্রকৃতিনির্ভর ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা উচিত।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে সাম্যকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।







