‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

ছবি: সংগৃহীত।
রাজধানীর মিরপুর-১ এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সের পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ওই অফিস আদেশে জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও এর বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে দায়িত্ব হস্তান্তর করেছেন তিনি।’
ঘটনাস্থল থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত শাহ আলী থানা। সেখানে পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালানো হয়েছে–এমন অভিযোগের বিষয়ে গতকাল ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কিনা এবং কারও কোনো অবহেলা বা গাফিলতি ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’





