বিনোদন

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধি ‘রইদ’

দুটি মানুষ প্রেমের গল্পের দৃশ্য দেখছেন, একে অপরের দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি মানুষ প্রেমের গল্পের দৃশ্য দেখছেন, একে অপরের দিকে তাকিয়ে, একটি অন্ধকার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (অস্কার)-এর ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) পরিচালিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’ আনুষ্ঠানিকভাবে ছবিটির নাম চূড়ান্ত করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএস-এর সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম চূড়ান্ত প্রার্থী হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আবদুল্লাহ আল মারুফ জানান, আন্তর্জাতিক এই আসরে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল। সেগুলো হচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। বাকি চারটি চলচ্চিত্রের সার্বিক দিক বিবেচনা, গুণগত বিশ্লেষণ ও সিলেকশন কমিটির সর্বসম্মত বিচারে অস্কারের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ ছবিটিকে চূড়ান্ত করা হয়।

অস্কার বাংলাদেশ কমিটির পক্ষ থেকে বিজয়ী চলচ্চিত্রের পরিচালক, প্রযোজকসহ পুরো কলাকুশলী দলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

অস্কারের আসন্ন আসরে চলচ্চিত্রটি বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, জীবনবোধ ও স্বাধীন চলচ্চিত্রশিল্পকে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

‘হাওয়া’র পর মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রইদ’। সাধু ও তার মানসিকভাবে অসুস্থ স্ত্রীর সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

বিষয়:অস্কাররইদলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…