বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর ইসিবি চত্বরে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাব দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী, পুরো বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার হাতে। কিন্তু আপনি এত দায়িত্বশীল জায়গায় থেকেও মন্তব্যে বললেন, সালমান মুক্তাদির মামলা দায়ের করেন নাই। এমন কথা বলে এখানে আপনি সরকারকে ছোট করে ফেলেছেন।”

সালমান আরও বলেন, আপনি জানেনও না মামলা দায়ের করা হয়েছে। এই আপডেটটাও আপনার কাছে নাই। আপনি দেশের নাগরিক এবং সেফটি-সিকিউরিটির দায়িত্বে যারা, তাদের সঙ্গে আপনার কতটা ডিটাচমেন্ট, এতে বোঝা যায়।

তিনি দাবি করেন, ঘটনার পর রাত ৪টা পর্যন্ত তিনি ক্যান্টনমেন্ট থানায় ছিলেন। কেন আগে মামলা দায়ের করা হয়নি—এই প্রশ্নের উত্তর দেশবাসীকে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সালমান বলেন, যেখানে এই ঘটনা ঘটেছে, সেটা ঢাকা-১৭ আসন। ওটা প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি বুঝতে পারছেন সেখানে এমন ঘটনা হওয়া সরকারের জন্য কতটা অসম্মানজনক?

তিনি আরও বলেন, আসলে আপনাদের কাছ থেকে আমি টাকা-পয়সা কিছু চাই না। আপনি পারলে কোনো অ্যাকশন নিয়ে দেখান। আমার যা ক্ষতি হয়েছে, আমি আবার শুরু করতে পারব। কিন্তু আপনি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।

এর আগে রাজধানীর ইসিবি চত্বরে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তুলেছেন, সেটিকে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চাঁদাবাজির কারণে নয়; বরং জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে।

এ ছাড়া সালমান মুক্তাদির ফেসবুকে এসে অভিযোগ করলেও হামলার ঘটনায় তিনি মামলা কেন করেননি, সেই প্রশ্নও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আমার প্রশ্ন হচ্ছে, সেই ভদ্রলোক, যিনি এই অভিযোগটা ফেসবুকে লাইভে এসে করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সালমান মুক্তাদির মামলা না করলেও পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। সেখানে চাঁদাবাজির তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধের জেরেই ভাঙচুরের ঘটনা ঘটে।

এরপর সালমান মুক্তাদির এসব কথা বলেন।

বিষয়:লিড বিনোদনসালমান মুক্তাদিরস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…