আগামী ৭ দিনের মধ্যে কারফিউ পুরো উঠে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
রোববার (২৮ জুলাই) ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করে বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সবকিছু স্বাভাবিক করা।
সালমান এফ রহমান বলেন, কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে, শিগগিরই জনজীবন আগের মত হয়ে যাবে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, অতিরিক্ত মাশুল আদায়, এনবিআর-এর কিছু বিষয়ে অসুবিধা এবং ব্যাংকের সুদ হার ছাড় কিংবা বিলম্বে কিস্তি জমা দেওয়ার সুযোগ চেয়েছেন ব্যবসায়ীরা।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার জেরে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। এ সময় গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর নির্ধারিত সময়ের জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। তবে পুরোপুরি এখন তুলে নেয়া হয়নি।








