৬০-এ পা রেখেও এখনো আইবুড়ো সালমান খান। কবে বিয়ে করবেন সালমান, বছরের পর বছর এই প্রশ্ন করেও উত্তর পাননি সাংবাদিকসহ ছাবিশিকারীদের কেউই। এখন অবশ্য এই প্রশ্নটা করাও তারা বন্ধ করে দিয়েছেন। অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে বি-টাউনের বহু অভিনেত্রীর। কিন্তু ছাঁদনাতলায় তিনি কবে যাবেন, তা এখনও কেউ জানেন না।
বলিউডে সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল সালমানের। কিন্তু কোন সম্পর্কই স্থায়ী হয়নি ভাইজানের। এবার ছেলের বিয়ে না হওয়ার পিছনে বাবা সেলিম খান টেনে আনলেন সালমানের মা সালমা খানকে।
সেলিম জানান, অল্প বয়স থেকে সিনেমায় কাজ করছেন সালমান। এখনও পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছেন, সব ক’টি নায়িকা অত্যন্ত সুন্দরী এবং শুটিংয়ে ঘণ্টার পর ঘণ্টা থাকার কারণে নায়িকাদের প্রেমেও পড়ছেন। সেটাই স্বাভাবিক বলে মনে করেন সেলিম। কিন্তু একই সঙ্গে তিনি জানান, তার ছেলের এমন মেয়ে পছন্দ যে বিয়ের পর বাড়িতে থাকবে। ওর জন্য খাবার তৈরি করবে। সন্তানদের মানুষ করবে তাদের স্কুলে নিয়ে যাবে পড়াশোনা করাবে। তবে সেলিম জানান, অভিনয় জগতের সঙ্গে যুক্ত মেয়েরা উচ্চাকাঙ্ক্ষী তারা চাইলেও এ রকম সাধারণ মানুষের মতো সংসার করতে পারবে না।
সেলিম আরও বলেন, ‘‘সালমান আসলে নিজের মায়ের প্রতিচ্ছবি খোঁজে। যেটা ওর মা করেছে ওদের জন্য, সালমান চায় ওর সঙ্গিনীও তেমনটাই করুক। কিন্তু সেটা এখন আর সম্ভব নয়।’’


