শ্রীলঙ্কা সিরিজে ভালো করেছিলেন লিটন দাস। পাকিস্তান সিরিজে আলো ছড়াতে না পারলেও নেদারল্যান্ডস সিরিজে প্রথম টি-টুয়েন্টিতে ফিফটি পেয়েছেন। ২৯ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। টাইগার অধিনায়ক ম্যাচ শেষ করে আসায় দারুণ খুশি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। আগেরদিন সংবাদ সম্মেলনে লিটনের প্রশংসা করলেন সালাহউদ্দিন।
‘একজন ব্যাটার হিসেবে বলব, লিটন অপরাজিত থাকায় আমি বেশ খুশি। আমরা অনেক সময় দেখি, অনেকে খেলা ধরে রাখলেও শেষ করতে পারে না। কিন্তু সে খেলা শেষ করেছে, নিজের দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলেছে। এটা আমার কাছে অনেক আনন্দের বিষয়। লিটনের শট প্লেসমেন্টও শেষ ম্যাচে দারুণ ছিল।’
সিলেটের উইকেট বাংলাদেশের বাকি উইকেটগুলোর চেয়ে অনেকটাই আলাদা। সালাহউদ্দিন মনে করেন লিটন কন্ডিশন অনুযায়ী যেভাবে খেলা উচিত সেভাবেই খেলেছেন। লিটন এভাবে খেলতে থাকলে দল আরও উপকৃত হবে বলছেন এ কোচের।
‘কন্ডিশন অনুযায়ী কীভাবে ব্যাট করতে হয়, সেটাও সে দেখিয়েছে। সামনে আরও ম্যাচ আছে। তার ব্যাটিংয়ে যদি আরও উন্নতি আসে, পরিপক্বতা আরও বাড়ে এবং সে যদি এভাবে অপরাজিত থাকতে পারে, তাহলে দিন শেষে দলকে অনেক বড় সুবিধা দেবে। আমি আশা করি, ভবিষ্যতে সে আরও ধারাবাহিক হবে।’







