ইয়ারজান বেগমের বীরত্বে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের সেরা গোলকিপারের ট্রফিটা নিজের করে নিয়েছেন পঞ্চগড়ের কিশোরী। দুর্দান্ত জয়ের পর ভাসছেন আবেগে। অশ্রুজল নিয়ে সাফল্য উৎসর্গ করেছেন কোচ ও বাবাকে।
নেপালে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে রোববার ভারত অনূর্ধ্ব-১৬ নারী দলের বিপক্ষে টাইব্রেকারে ৩-২ গোলে জয় তোলে সাইফুল বারী টিটুর চ্যাম্পিয়ন লাল-সবুজের দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ভারতের তিনটি শট ঠেকিয়ে ফাইনালে বাংলাদেশের সাফল্যের মধ্যমণি ইয়ারজান। ম্যাচ শেষে বেশ আবেগী ছিলেন তিনি। ছলছল চোখ নিয়ে বাবার কথাই বলেছেন।
‘জীবনে প্রথম বিদেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছি। আর সেরা গোলকিপার হলাম। এ অনুভূতি দুর্দান্ত। আমার সাফল্যের সব কৃতিত্ব কোচ আরিফুর রহমান আর আমার বাবার। আমি আমার বাবা ও কোচকে এই সাফল্য উৎসর্গ করলাম।’
টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০তে হারিয়ে শুভ সূচনা পায়। পরের ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারানোর পর ৬-০ গোলে উড়িয়ে দেয় ভুটানকে।







