পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাঈদ আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অসুস্থাজনিত কারণে লাহোরের একটি হাসপাতালে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন ৮৬ বর্ষী অলরাউন্ডার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার মৃত্যুর কথা জানিয়ে শোক প্রকাশ করেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি শোক বার্তা দিয়ে বলেছেন, ‘আমাদের একজন সাবেক টেস্ট অধিনায়কের মৃত্যুতে পিসিবি শোকাহত এবং সাইদ আহমেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। তিনি তার সমস্ত হৃদয় দিয়ে পাকিস্তানের সেবা করেছেন এবং পিসিবি তার রেকর্ড এবং টেস্ট দলের জন্য সেবাকে সম্মান করে।’
১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের জালহান্দারে (বর্তমান ভারতের পাঞ্জাবের একটি অংশ) জন্ম গ্রহন করেন সাঈদ। ১৯৫৮ সালে ২০ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউনে বিখ্যাত টেস্ট ম্যাচে পাকিস্তানের হয়ে অভিষেক হয় তার। ওই ম্যাচে হানিফ মোহাম্মদ ৯৭০ মিনিট ক্রিজে থেকে ৩৩৭ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছেন। তৃতীয় উইকেটে হানিফের সঙ্গে ১৫৪ রানের জুটি গড়ে ৬৫ রান করে আউট হন সাঈদ।

১৯৭৩ সালে অবসর নেন ক্রিকেট থেকে। যদিও তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল ১৯৭২ সালের জানুয়ারিতে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পাকিস্তানের জার্সিতে ৪১টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। সেই সঙ্গে তিনটি টেস্টে নেতৃত্বও দেন। ম্যাচগুলোতে ড্র করেছিল পাকিস্তান। ব্যাট হাতে ২৯৯১ রানের করেছেন, যার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ১৬টি ফিফটি। বল হাতে নিয়েছেন ২২ উইকেট।
সাঈদের ক্যারিয়ারের শেষটা অবশ্য সুখকর হয়নি। ১৯৭২ সালে অস্ট্রেলিয়া সফরে ডেনিস লিলির সঙ্গে বিতণ্ডা হয় তার। পিঠে আঘাতের কারণ দেখিয়ে সিরিজের তৃতীয় টেস্ট থেকে সরিয়ে নেন নিজেকে। পরে বোর্ড শৃঙ্খলালঙনের অভিযোগে তাকে দেশে পাঠিয়ে দেয়। পরে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। অবসরের পর ক্রিকেট থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নেন সাঈদ।







