মেয়েদের লিগে ২০১৯-২০ মৌসুমে রানার্সআপ হয়েছিল নাসরিন একাডেমি। সাবিনা-সুমাইয়াদের নিয়ে এবারের মৌসুমে শক্তিশালী দল গঠন করেছিল নাসরিন। সাবিনাদের হাত ধরেই প্রথমবার উইমেন’স প্রিমিয়ার লিগ শিরোপার স্বাদ নিল দলটি।
মঙ্গলবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ঢাকা রেঞ্জার্সকে ১৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নাসরিন একাডেমি। ম্যাচে সর্বোচ্চ গোল পাঁচ গোল করেছেন সাবিনা খাতুন। সুমাইয়া মাতসুশিমা করেছেন হ্যাটট্রিক গোল। ঋতুপর্ণা চাকমা দুটি এবং মনিকা চাকমা, মারিয়া মান্দা ও সামসুন্নাহার একটি করে গোল করেন।
আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের সাগরিকাকে (১৫ গোল) পেছনে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন সাবিনা খাতুন। আসরে ১৭টি গোলের দেখা পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক।
৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলেছে নাসরিন একাডেমি। ১৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। ১৮ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ সেনাবাহিনী। সাবিনাদের গোল বন্যায় ভেসে যাওয়া ঢাকা রেঞ্জার্স ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে।








