যুক্তরাজ্যে রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে ব্রিটিশ গোয়েন্দাদের সতর্কতা

ছবি: সংগৃহীত
ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তা দেওয়া প্রতিষ্ঠানগুলো রাশিয়ার সম্ভাব্য নাশকতার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫। সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার এক বিরল প্রকাশ্য সতর্কবার্তায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ন্যাশনাল প্রোটেকটিভ সিকিউরিটি অথরিটি জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান ইউক্রেনের সামরিক সরঞ্জাম সংগ্রহে সহায়তা করলে কিংবা দেশটির সশস্ত্র বাহিনীকে সরঞ্জাম সরবরাহ করলে সেটি নাশকতার লক্ষ্যবস্তু হতে পারে।
সতর্কবার্তায় বলা হয়, রাশিয়ার হয়ে কাজ করা তৃতীয় পক্ষের ব্যক্তিদের মাধ্যমে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো হতে পারে। এ ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে ব্রিটিশ কর্তৃপক্ষের অভিযোগ অস্বীকার করেছে। দূতাবাস জানিয়েছে, যুক্তরাজ্যে হামলা চালানোর কোনো পরিকল্পনা, কারণ কিংবা অভিপ্রায় রাশিয়ার নেই।
পাল্টা অভিযোগ করে রুশ দূতাবাস বলেছে, পশ্চিমা সরকারগুলোর কাছ থেকে আরও অর্থ আদায় এবং রাশিয়ার ওপর দায় চাপানোর উদ্দেশ্যে ইউক্রেন নিজেই নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তবে কিয়েভ বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভের অন্যতম প্রধান সমর্থক হয়ে উঠেছে যুক্তরাজ্য। এরপর বিভিন্ন গুপ্তচরবৃত্তি ও নাশকতার পরিকল্পনার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছে লন্ডন।
গত বছর ইউক্রেনে পাঠানোর জন্য মজুত রাখা স্টারলিংক স্যাটেলাইট সরঞ্জামের একটি গুদামে অগ্নিসংযোগের ঘটনায় তিন ব্রিটিশ নাগরিক দোষী সাব্যস্ত হন। ব্রিটিশ কৌঁসুলিদের দাবি, রুশ সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যদের মাধ্যমে ওই নাশকতা চালানো হয়েছিল।
এ ছাড়া গত সেপ্টেম্বরে রুশ সামরিক গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগ আনা হয়।
এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে সন্দেহভাজন নাশকতার ঘটনার পর গত রোববার রাশিয়ার সঙ্গে সব সীমান্ত পারাপার কেন্দ্র বন্ধ করার ঘোষণা দেয় দেশটি।
অন্যদিকে, গত সপ্তাহে নরওয়ের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, আগামী বছরে দেশটিতে রুশ গোয়েন্দারা নাশকতামূলক হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো ও প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দুই দিনব্যাপী রুদ্ধদ্বার নিরাপত্তা বৈঠকের আয়োজন করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব বৈঠকে সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা দেওয়া হচ্ছে।
যুক্তরাজ্যের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ড্যান জার্ভিস বলেন, ইউরোপজুড়ে সাম্প্রতিক নাশকতার প্রচেষ্টাগুলো প্রমাণ করে, আমরা কতটা গুরুতর নিরাপত্তা হুমকির মুখে রয়েছি।
তিনি আরও বলেন, আমাদের ও মিত্রদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। বিশেষ করে ইউক্রেনকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।





