দেশের পাম্পগুলোতে কত দিনের অকটেন–ডিজেল মজুত আছে, সংসদে জানতে চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। একইসঙ্গে তিনি প্রশ্ন করেছেন, দেশে জ্বালানির কোনো সংকটই যদি না থাকে, তাহলে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন?
রোববার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এসব প্রশ্ন করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, ‘মাননীয় স্পিকার কাদম্বরী মরিয়া প্রমাণ করিল, কাদম্বরী মরে নাই। তেলের দাম শেষমেষ বৃদ্ধিই হইলো। কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার লম্বা লাইন, ড্রাইভাররা মাঝরাত পর্যন্ত অপেক্ষা করছে…তেল পাচ্ছে না। কিন্তু সরকারের কোনো হেলদোল নাই।’
তিনি অভিযোগ করে বলেন, ‘মন্ত্রীরা সংসদে অবলীলায় বলেন, বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। কিন্তু তেল নিতে গেলে দেখা যায় ৩ কিলোমিটার লম্বা লাইন।’
তিনি প্রশ্ন করেন, ‘জ্বালানির কোনো সংকটই যদি না থাকে এত লম্বা লাইন কেন, দামই বা বাড়াতে হয় কেন? অফিস সময় পরিবর্তন করতে হয় কেন? একইসঙ্গে পাম্পগুলোতে কত দিনের অকটেন–ডিজেল মজুত আছে, সংসদে জ্বালানি মন্ত্রীর কাছে জবাব চেয়েছেন রুমিন ফারহানা।







