ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ৪০ বছরে পা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের পড়ন্তবেলায় এসেও দারুণ ছন্দে আছে পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগের দল আল নাসেরের হয়ে নিয়মিত জালের দেখা পাচ্ছেন। মাঠে আলো ছড়ানোর সঙ্গে আর্থিক দিক থেকেও গত বছরটা দারুণ কেটেছে তার। ক্রীড়াঙ্গনে টানা দ্বিতীয়বার আয়ের দিক থেকে সবার উপরে ছিলেন রোনালদো।
খেলাধুলার আর্থিক বিষয়ের সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’র হিসেবে এবারও বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট রোনালদো। গতবছর তার মোট আয় ২৬ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকা। যেখানে তিনি ক্লাব থেকে পারিশ্রমিক বাবদ পেয়েছেন ২১ কোটি ৫০ লাখ ডলার। বিভিন্ন স্পন্সর চুক্তি থেকে পেয়েছেন আরও সাড়ে ৪ কোটি ডলার।
রোনালদোর পর তালিকার দ্বিতীয় স্থানে আছেন ৩৬ বর্ষী বাস্কেটবল কিংবদন্তি স্টেফেন কারি। সবমিলিয়ে গতবছর কারির মোট আয় ১৫ কোটি ৩৮ লাখ ডলার। তালিকায় তিনে ব্রিটেনের ৩৬ বর্ষী সাবেক বক্সার টাইসন ফিউরি। গতবছর তার আয় ছিল ১৪ কোটি ৭০ লাখ ডলার।
৩৭ বর্ষী ইন্টার মিয়ামি মহাতারকা লিওনেল মেসির গতবছর আয় ছিল ১৩ কোটি ৫০ লাখ ডলার। আর্জেন্টাইন কিংবদন্তি আছেন চারে। পারিশ্রমিক বাবদ ৬ কোটি ডলার এবং স্পন্সর চুক্তি থেকে সাড়ে ৭ কোটি ডলার আয় করেছেন বিশ্বজয়ী মহাতারকা। আর ১৩ কোটি ৩২ লাখ ডলার আয় করে পাঁচে আছেন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস।
ব্রাজিলীয় ক্লাব সান্তোসে ফেরা নেইমার গতবছর ১৩ কোটি ৩০ লাখ ডলার আয় করে তালিকার ছয়ে। আল ইত্তিহাদের ফরাসি তারকা করিম বেনজেমা ১১ কোটি ৬০ লাখ ডলার আয় করে আটে এবং ১১ কোটি ডলার আয় করে নয়ে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে।







