অপরাধ

অপহরণের ১৪ ঘণ্টা পর পাওয়া গেল রোহিঙ্গা ইমামের মৃতদেহ

উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা শিবিরের দৃশ্য, ঝুঁকিপূর্ণ জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা শিবিরের দৃশ্য, যেখানে ঝুঁকিপূর্ণ জীবনযাত্রা ও বসবাসের পরিস্থিতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে অপহরণের ১৪ ঘণ্টা পর স্থানীয় একটি মসজিদের ইমামের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সামসু আলম (৩৮) উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-ব্লকের বাসিন্দা মৃত মিয়া চান এর ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকাল ১০টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সীমানা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আলম রোহিঙ্গা আশ্রয় শিবিরের স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।

স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার রাত ৮ টার দিকে সামসু আলমকে নিজের ঘর থেকে অস্ত্রের মুখে মুখোশ পরিহিত একদল দূর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকাল ১০ টার দিকে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সীমানা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা এপিবিএন পুলিশকে খবর দেয়।

পরে এপিবিএন এর সংশ্লিষ্টদের খবরে উখিয়া থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ব্যক্তিগত প্রতিপক্ষ বা কোন দুষ্কৃতিকারী গোষ্টি আলমকে অপহরণ করে খুন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।

বিষয়:অপহরণ উখিয়া কক্সবাজার রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…