দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিতে বেড়েই চলেছে নদ-নদীর পানি। এতে করে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সিলেট এবং সুনামগঞ্জে পানিবন্দি ২০ লক্ষাধিক মানুষ। এই দুই জেলায় নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে রোববার ৩০ জুন এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র এবং যমুনার পানি স্থিতিশীল আছে, যা আগামী ৭২ ঘণ্টায় বাড়তে পারে। এছাড়া গঙ্গা নদীর পানিও বাড়ছে। এছাড়া মনু, খোয়াই ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি বাড়ছে। পদ্মা নদীর পানি আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত স্থিতিশীল থাকলেও এরপর তা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে, এ সময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীসমূহের পানি বৃদ্ধি পেতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, পুরাতন-সুরমা, সারিগোয়াইন নদীসমূহের পানি বেড়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।








