মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে প্রথমবার বাংলাদেশের মেয়েরা শিরোপা উঁচিয়ে ধরেছিল ২০২২ সালে। গতমাসে আবারও শিরোপা জিতে টানা দুবার সাফ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল। সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন এবারের আসরসেরা ঋতুপর্ণা চাকমা, জিততে চান পরের আসরের শিরোপাও।
মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে আসেন বীরকন্যারা। সেখানে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তারকা ফরোয়ার্ড দেখান স্বপ্নের দুয়ার। জানান, ব্যাক-টু-ব্যাক তিন শিরোপা জিততে চান তারা, এজন্য দরকার দলের প্রতি সঠিক পরিচর্যা ও নজরদারি।
‘এখন আমরা সাফের দুইবারের চ্যাম্পিয়ন, সামনে হ্যাটট্রিকের (চ্যাম্পিয়ন) পালা। শুধু সাউথ এশিয়া না, এশিয়ার বাইরেও বাংলাদেশ দলকে নিয়ে যেতে চাই। আশা করি আমাদের যদি সঠিকভাবে পরিচর্যা ও নজরদারি করা হয়, আমরা সেটাও করে দেখাতে পারব। এছাড়া আমাদের ফুটবলের সঙ্গে সম্পর্কিত সুযোগ সুবিধাগুলোতেও নজর দেয়া প্রয়োজন।’
গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টানা দ্বিতীয়বার সাফ জিতে পরদিন ঢাকায় পৌঁছানোর পর মেয়েদের সংবর্ধনা দিয়ে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে মতিঝিলে বাফুফে ভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়।







