গত ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে মাঠে বাইরে ছিলেন উইকেটরক্ষক-ব্যাটার রিশভ পান্ট। খেলতে পারেননি ২০২৩ আইপিএলে। ২০২৪ আইপিএল দিয়ে অবশ্য মাঠে ফিরছেন পান্ট।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর, পান্টের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস আশা করছে আগামী বছর ফেব্রুয়ারির আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন ২৬ বর্ষী টপঅর্ডার ব্যাটার। আসছে আইপিএলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন না করলেও অধিনায়ক হিসেবে মাঠে থাকবেন পান্ট।
গত নভেম্বরে দিল্লির হয়ে কলকাতায় অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন পান্ট। দলটির পরিচালক সৌরভ গাঙ্গুলি, প্রধান কোচ রিকি পন্টিং এবং সহকারী কোচ প্রবীণ আমরেও ছিলেন। আগামী মৌসুমের জন্য দিল্লি কোন খেলোয়াড় ধরে রাখবে বা কাকে ছেড়ে দেবে, এসব নিয়ে তাদের সঙ্গে আলোচনায় ছিলেন পান্টও।
গাড়ি দুর্ঘটনায় ডান হাঁটুর তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে গেলে ২০২৩ আইপিএল থেকে ছিটকে যান পান্ট। খেলতে পারেননি ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে। অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। গত কয়েক মাসে শারীরিক অবস্থার বিষয়ে জানিয়ে নানা সময়ে ভিডিও ও ছবি পোস্ট করেছেন তিনি।







