লেবাননে ইসরায়েলী সেনাবাহিনীর হামলায় বার্তা সংস্থা রয়টার্সের ইশাম আব্দুল্লাহ নামের এক ভিডিও সাংবাদিক নিহত হয়েছেন। এই হামলায় আল জাজিরা, এপিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা আহত হয়েছেন।
রয়টার্সের এক মুখপাত্র জানিয়েছেন, আমরা আমাদের কর্মী হারিয়ে গভীরভাবে মর্মাহত।
রয়টার্স জানিয়েছে, ইশাম আব্দুল্লাহ দক্ষিণ লেবাননে রয়টার্সের বার্তা কর্মীদের পর্যন্ত সিগন্যাল পৌঁছে দেয়ার চেষ্টা করছিলেন। হামলায় ইশামকে হারিয়ে তার পরিবার স্বাভাবিক থাকতে পারছে না। আমরা তার পরিবারের পাশে দাঁড়িয়েছি। ইসরায়েলের এ হামলায় রয়টার্সের অপর দুই সাংবাদিক আল-সুদানি এবং মাহের নাজেহ আহত হয়েছেন। এখন তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার শিকার সাংবাদিকরা সবাই ‘প্রেস’ লেখা সংবলিত নিরাপত্তা ভেস্ট পরে ছিলেন। তারা একটি খোলা স্থানে ছিলেন এবং জায়গাটি একটি পাহাড়ের উপরে ছিল। যারা সেখানে নজরদারি চালাচ্ছিল, লক্ষ্য রাখছিল তারা সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন, ওই দলটি সাংবাদিকদের দল ছিল।
হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, হঠাৎ করেই সেখানে একটি বড় বিস্ফোরণের শব্দ হয় এরপর চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। ওই ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, ‘কী হয়েছে? আমি আমার পা অনুভব করতে পারছি না।’ ওই সময় পাশে এক পুরুষের কণ্ঠস্বর শোনা যায়।







