মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে ডুবে যাওয়া পিকনিকের ট্রলারটি রোববার (৬ আগস্ট) বেলা ১২ টার দিকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে নাফা, তুরান ও মাহি নামের ৩ শিশু।
এর আগে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নারী-শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ৩৪ জন যাত্রী সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ দু’শিশু উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চলবে।
শনিবার রাত ৯ টার দিকে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাটি এলাকা সংলগ্ন নদীতে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর মাওয়া পয়েন্ট থেকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের লতব্দি ইউনিয়নের খিদিরপুর অভিমুখে যাচ্ছিল পিকনিকের ট্রলারটি। রাত ৯ টার দিকে লৌহজংয়ের খিদিরপাড়া ইউনিয়নের রসকাটি পদ্মা শাখা নদী এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা অন্ধকারে বালুবাহী একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ৪৬ জন যাত্রীসহ ডুবে যায় ট্রলারটি। দুর্ঘটনার পরপরই ৪৬ জন সাতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় বাকিরা। এসময় স্থানীয় লেকজন ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়।








