বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইফফাত আরা মারা গেছেন

বিশিষ্ট স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইফফাত আরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এদিন বাদ আসর তার জানাজা উত্তরা ১৪ নাম্বার সেক্টর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
ডা. ইফফাত আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। রোববার এক শোকবার্তায় সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. কনক কান্তি বড়ুয়া ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
অধ্যাপক ডা. ইফফাত আরা বিএমএর সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এম. ইকবাল আরসলানের সহধর্মিণী এবং সংগঠনটির আজীবন সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯০ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে গাইনোকোলজিতে এফসিপিএস ফেলোশিপ অর্জন করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ছাত্রছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।






