ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বারবার আলোচিত-সমালোচিত হচ্ছে দুর্বার রাজশাহী। চট্টগ্রামে অনুশীলন বয়কট, মিরপুরে বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট, আরও নানা বিতর্কে জড়িত ফ্র্যাঞ্চাইজিটির নাম। দলটির পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক ও অপেশাদার আচরণে ক্ষুব্ধ বিসিবি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি। আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শুরুও করে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সোমবার বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘চুক্তির সকল কাগজপত্র পাঠানো হয়েছে আইনজীবীর কাছে। চুক্তিনামা বিচার-বিশ্লেষণ করে চুক্তি লঙ্ঘন ও বিপিএলের ভাবমূর্তি বিনষ্টের কারণে কঠোর হচ্ছে বিসিবি।’
একইসঙ্গে জরুরি তলব করা হয়েছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিক শফিক রহমানকে। মঙ্গলবার সভা হতে পারে, জানান ইফতেখার রহমান মিঠু।







