রবিবার বিকেলে হাসান স্মরণ ও চলচ্চিত্র প্রদর্শনী
হাসানকে হারানোর এক বছর

রবিবার বিকেলে হাসান স্মরণ ও চলচ্চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
নির্মাতা, অভিনেতা ও স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের একনিষ্ঠ কর্মী গাজী মাহতাব হাসানকে হারানোর এক বছর পূর্ণ হচ্ছে রবিবার (১৩ আগস্ট)। গেল বছরের এই দিনে প্রয়াত হন তিনি। প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণের উদ্যোগ নিয়েছে তার বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষিরা।
রবিবার বিকেল ৪টায় শাহবাগের আজিজ সুপার মার্কেটে অবস্থিত বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের মিলনায়তনে হবে স্মরণ অনুষ্ঠান। আয়োজনে হাসানের চলচ্চিত্র যাপন ও ভাবনা নিয়ে স্মৃতিচারণ করবেন অতিথিরা।
হাসান স্মরণ অনুষ্ঠানের উদ্যোক্তাদের একজন মাহবুব হাসান। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান,‘মূলত আমরা যারা হাসান ভাইকে ভালোবাসি, সেইসব মানুষেরা একত্রিত হয়েই হাসান ভাইকে স্মরণ করবো। চিত্রগ্রাহক মাজহারুল রাজু, চলচ্চিত্র নির্মাতা হাবিব সহ প্রিসিলা রাজ, রওশন আরা রুনো আপাও সমানভাবে সামিল আছেন।’
মাহবুব জানান, স্মরণ অনুষ্ঠানে গাজী মাহতাব হাসান নির্মিত দুটি ডকুফিল্ম দেখানো হবে।
দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন হাসান। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাকে। গেল বছরের ১৩ আগস্ট দুপুরে স্ট্রোক করলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এদিন বিকেলেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বেশকিছু শর্টফিল্ম ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন গাজী মাহতাব হাসান। সর্বশেষ তার নির্মিত ‘সৌল সিঙ্গার’ শর্টফিল্মটি দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়। এছাড়াও দেশ বিদেশের বেশকিছু পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে জড়িয়ে আছে তার নাম। এরমধ্যে ডেনমার্কের প্রামাণ্য চলচ্চিত্র ‘দ্য হিউম্যান স্কেল’ এ বাংলাদেশ অংশে প্রোডাকশন ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।
নির্মাণ সংশ্লিষ্টতার পাশাপাশি প্রায় নিয়মিত অভিনয় করতেন গাজী মাহতাব হাসান। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘অলাতচক্র’-তে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন কলকাতায় আশ্রিত থাকা নরেন বিশ্বাসের ভূমিকায় অভিনয় করেন।
এছাড়াও অভিনয় করেছেন জাহিদুর রহিম অঞ্জনের ‘মেঘমল্লার’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতীর কথা’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে। এছাড়া তিনি রাওয়ান সায়েমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেড এন্ড’, দেবাশীষ বিশ্বাসের মুক্তি প্রতীক্ষিত সরকারি অনুদানে নির্মিত ‘মুকুলের যাদুর ঘোড়া’য় অভিনয় করেন।
চলচ্চিত্র কর্মী হিসেবে স্বাধীন ধারার চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সেই আশির দশক থেকে। ভিন্ন ধারার চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ প্রয়াত মুহম্মদ খসরুর শিষ্য ছিলেন।






