কান চলচ্চিত্র উৎসবে বুধবার (২১ মে) রাতে প্রিমিয়ার হয় পরিচালক জোয়াকিম ট্রিয়ার ও অভিনেত্রী রেনাতে রেইনস জুটির নতুন ছবি ‘সেন্টিমেন্টাল ভেল্যু’র। ছবিটি দেখে দর্শক এতোটাই আবেগাপ্লুত হন যে, দীর্ঘ ১৫ মিনিট দাঁড়িয়ে করতালির মাধ্যমে তা উদযাপন করেন! মুহূর্তে হল রুমে তৈরী হয় আবেগঘন পরিবেশ!
আন্তর্জাতিক বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানায়, এটাই এ বছরের কানে সবচেয়ে দীর্ঘস্থায়ী স্ট্যান্ডিং ওভেশন।
চলচ্চিত্রটির প্রিমিয়ারের পর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী এল ফ্যানিং চোখ মুছতে মুছতে আবেগে জড়িয়ে ধরেন পরিচালক ট্রিয়ারকে। তিনি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এবং তার পারফরম্যান্সেও মুগ্ধ হয়েছেন দর্শক।
কান উৎসবে এবার শুরুতে আলোচনায় ছিলো ফরাসি নির্মাতা জুলিয়া ডুকুরনো-এর ইনফেকশন-ড্রামা ‘আলফা’। এই ছবিটি দর্শকের ১১.৫০ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পায়। সেটাকেও ছাপিয়ে গেল ‘সেন্টিমেন্টাল ভেল্যু’।
অনেকেই বলছেন, এই উষ্ণ অভ্যর্থনা ইঙ্গিত দিচ্ছে যে ‘সেন্টিমেন্টাল ভেল্যু’ এ বছরের কানের সর্বোচ্চ পুরস্কার (পাম দর) জয়ের দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
প্রিমিয়ারের পর দর্শকদের উদ্দেশে আবেগঘন বক্তব্যে ‘সেন্টিমেন্টাল ভেল্যু’ পরিচালক জোয়াকিম ট্রিয়ার বলেন, “আমি খুবই আবেগাপ্লুত। এই ছবির পেছনে আমাদের অনেক বছরের সংগ্রাম রয়েছে।”
এসময় তিনি বলেন,“বুনুয়েলের একটা উক্তি আছে, ‘আমি আমার বন্ধুদের জন্য সিনেমা বানাই।’ আজ রাতে আমি মনে করি, আপনারা সবাই আমার বন্ধু।”

চলচ্চিত্রটির কাহিনি সম্পর্কে ভ্যারাইটি জানায়, ‘সেন্টিমেন্টাল ভেল্যু’ ছবিতে দেখা যায় অনেক বছর পর দুই বোন নোরা ও অ্যাগনেস তাদের বাবা গুস্তাভের সঙ্গে দেখা করতে যায়। গুস্তাভ এক সময়ের জনপ্রিয় পরিচালক। তিনি নোরাকে তার নতুন ছবিতে অভিনয়ের সুযোগ দিতে চান, কিন্তু নোরা রাজি না হলে তিনি সেই চরিত্র দিয়ে দেন এক তরুণ হলিউড তারকাকে। এতে করে দুই বোনকে বাবার সঙ্গে পুরনো সম্পর্কের জটিলতা ও নতুন তারকার উপস্থিতি—দুয়ের এক টানাপোড়েন ও মানসিক দ্বন্দ্ব নিয়ে এগিয়ে যেতে হয়। –টাইমস অব ইন্ডিয়া







