ক্রিকেট

লিটনের পর মিরাজের ফিফটি, জুটিতে শতরান পার

বাংলাদেশের ক্রিকেটার মিরাজ ব্যাটিং করছেন, লিটনের পর ফিফটি পার করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার মিরাজ ব্যাটিং করছেন, লিটনের পর ফিফটি পার করে দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ধ্বংসস্তূপ থেকে হাল ধরেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজনের অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের দল। ফিফটি পেয়েছেন দুজনই। ক্যারিয়ারের ১৮তম ফিফটি উইকেটরক্ষক-ব্যাটার লিটনের, অষ্টম ফিফটি স্পিন-অলরাউন্ডার মিরাজের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৯.৩ ওভারে ১৩৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৮১ বলে ৫১ রান করেছেন মিরাজ, ৯৩ বলে ৫৩ রান করে ক্রিজে আছেন লিটন।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে রোববার তৃতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে ধস নামে বাংলাদেশের। সকালে বোর্ডে ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে বসে টিম টাইগার্স। আগেরদিন বিনা উইকেটে বাংলাদেশ করেছিল ১০ রান।

একে একে সাজঘরে ফেরেন জাকির হাসান (১), সাদমান ইসলাম (১০), নাজমুল হোসেন শান্ত (৪), মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (৩) ও সাকিব আল হাসান (২)।

বাংলাদেশের সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড ঘাঁটাঘাঁটি শুরু হয়ে যায়। তখন শুরু লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের প্রতিরোধ। সেশনের বাকিটুকু আগলে রেখে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে লাঞ্চ বিরতিতে যান তারা। ফলো-অনে পড়ার শঙ্কাও কাটান অনেকটাই। বিরতি কাটিয়ে ফিরে একই গতিতে ছুটছেন দুজনে, ঘোরাচ্ছেন রানচাকা।

খুররম শেহজাদ একাই নিয়েছেন ৪ উইকেট। অপর দুটি উইকেট নিয়েছেন মীর হামজা।

বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিন টসই হয়নি। দ্বিতীয় দিনে টসে হেরে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে আড়াইশ পেরোয়, অলআউট হয় ২৭৪ রানে। সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।

বিষয়:টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় টেস্ট বাংলাদেশ-পাকিস্তান মিরাজ রাওয়ালপিন্ডি লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…