রাফিনহার চোট, যা জানাল সিবিএফ

স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার জন্য বড় ধরণের শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার সময় উরুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে অধিনায়ক রাফিনহা দিয়াসকে। এ ম্যাচে ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ডও ছিল তার হাতে।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, সেলেসাওদের অধিনায়ক রাফিনহা তার ডান উরুতে অস্বস্তি অনুভব করার কারণে প্রথমার্ধের পরেই মাঠ থেকে উঠে যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ওই প্রীতি ম্যাচে রাফিনহা প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেছিলেন। ওই গোল করার পরপরই তার ইনজুরির বিষয়টি সামনে আসে।
সিবিএফের বিবৃতিতে জানানো হয়েছে, ‘রাফিনহা দিয়াস ডান পায়ে কিছুটা অস্বস্তিবোধ করছেন।’ তবে তার চোট বড় নাকি ছোট এ বিষয়ে কিছুই জানানো হয়নি ওই বিবৃতিতে।
বার্সেলোনার জন্য এই ইনজুরি অত্যন্ত উদ্বেগজনক। কারণ ক্লাব ফুটবলের বর্তমান ব্যস্ত সময়ে দলের অন্যতম সেরা খেলোয়াড়কে হারানো বড় ধরনের ধাক্কা। বিশেষ করে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগেই রাফিনিয়ার শারীরিক অবস্থা নিয়ে ক্লাব ম্যানেজমেন্টের মধ্যে বাড়তি চিন্তা ছিল। তাছাড়া তার উরুর চোটটি ঠিক সেই জায়গাতেই হয়েছে, যেখানে আগেও চোট পেয়েছিলেন।
ইনজুরির প্রকৃত ধরন এবং রাফিনহার পুরোপুরি সেরে উঠতে ঠিক কতদিন সময় লাগবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা না গেলেও বার্সেলোনা তার পরবর্তী মেডিকেল আপডেট নিয়ে অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখছে।






