বিনোদন

‘সেদিন টানা তিন ঘণ্টা ধরে কেঁদেছিলাম’

‘সেদিন টানা তিন ঘণ্টা ধরে কেঁদেছিলাম’

মা হওয়ার পর প্রতিটি নারীর জীবনে অনেক কিছুই বদলে যায়। বদল আসে কাজের ধরনেও, ভাবনা চিন্তাতেও। তেমনই এক অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

সন্তানকে প্রথম কয়েক মাস এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে পারেননি তিনি। তার পরে যে দিন সন্তানকে রেখে কাজে যাচ্ছিলেন, সেই দিনের মনের অবস্থা আজও ভুলতে পারেননি পরিণীতি, সম্প্রতি সেই বিষয় নিয়েই এক সাক্ষাতকারে মুখ খুলেছেন তিনি।

ছেলেকে বাড়িতে রেখে প্রথম বার মুম্বাই যাওয়ার পথে বিমানে টানা তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি, সম্প্রতি সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে সেই অভিজ্ঞতার কথা জানান পরিণীতি।

সন্তান জন্মের পর বেশ কয়েক মাস তিনি দিনরাত ছেলের সঙ্গেই ছিলেন। পরিণীতির কথায়, “প্রথম বার যখন ছেলেকে রেখে বেরিয়েছিলাম, সেই বিমানযাত্রার কথা আমার একেবারেই মনে নেই। বিমানবন্দরে  কিভাবে গিয়েছিলাম, বিমানে উঠলাম কিভাবে, মুম্বাইয়ে পৌঁছালাম কিভাবে— কিছুই মনে নেই। শুধু মনে আছে, তিন ঘণ্টা ধরে কেঁদেছিলাম।”

অনেকেই সন্তানকে রেখে কাজে বেরোনোর সময়ে মায়েদের যে অপরাধবোধ হয়, তা নিয়ে কথা বলেন। কিন্তু পরিণীতির মতে, তার ক্ষেত্রে অনুভূতিটা তার থেকেও অনেক বেশি কঠিন ছিল। অভিনেত্রী বলেন, “আমার মনে হচ্ছিল, আমি আর কোন দিন কাজ করতে পারব না। আর কিছুই করতে পারব না। এটা শুধু অপরাধবোধ নয়।”

তবে ছেলেকে নিয়ে বাস্তবে কোন দুশ্চিন্তার কারণ ছিল না পরিণীতির। সন্তান বাড়িতেই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিরাপদে ছিল। অভিনেত্রী বলেন, “বাচ্চা ভালই ছিল। অনুপস্থিতির কারণে ওর কোন সমস্যা হয়নি। সবাই নিজেদের মতো আনন্দেই ছিল।”

বরং পরিবারের লোকজন তাকে আরও কিছু দিন বাইরে থেকে কাজ করার জন্য উৎসাহ দিতেন বলেও জানান পরিণীতি। তারপরেও নিজের মধ্যে যে অপরাধবোধ তৈরি হয়, তা সামলানো কঠিন। তার কথায়, “মায়েদের অপরাধবোধটা ভয়ঙ্কর।”

পরিণীতির মতে, এই অনুভূতির পিছনে যেমন মায়ের স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে, তেমনই রয়েছে সমাজের তৈরি করা কিছু ধারণাও। তিনি বলেন, “আমার মনে হয়, এর একটা অংশ অবশ্যই স্বাভাবিক বা জৈবিক। কিন্তু এর সঙ্গে সমাজের তৈরি করা ধারণারও যোগ রয়েছে।”

কাজের জন্য বাইরে বেরোলেই সন্তান কোথায়, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় অনেক মাকেই। পরিণীতিও তার ব্যতিক্রম নন। অভিনেত্রী জানান, অনেক নারী তার কাছে এসে সরাসরি জানতে চান, “আপনার বাচ্চা কোথায়?” উত্তরে তিনি বলেন, “বাড়িতে আছে।” অভিনেত্রীর মতে, সমাজ যেন মায়েদের স্বাভাবিক জীবনযাপনকে এখনও সহজভাবে নিতে পারে না।

বিষয়:পরিনীতি চোপড়াবলিউডমাসিনেমাসিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…