আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ধুম পড়েছে নতুন গান প্রকাশের! এরমধ্যে ওপার বাংলার নন্দিত কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জী এবং এপার বাংলার কণ্ঠশিল্পী রঞ্জন চৌধুরীর দ্বৈতকণ্ঠে প্রকাশিত হয়েছে একটি রোমান্টিক গান!
‘মন জড়ায় কথায় কথায়’ শিরোনামে গানটি লিখেছেন নন্দিত গীতিকবি লিটন অধিকারী রিন্টু। গানটির সুর করেছেন রঞ্জন চৌধুরী এবং সংগীতায়োজন করেছেন এই প্রজন্মের প্রতিভাবান সব্যসাচী রনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশিত গানটিতে এপার বাংলা এবং ওপার বাংলার মোট ৮ জন জনপ্রিয় গুণী যন্ত্রশিল্পীরা বাজিয়েছেন। গানটির সকল কার্যক্রম কলকাতার গান বাজনা স্টুডিও ও স্টুডিও এস সি কমিউনিকেশন এবং বাংলাদেশের চট্টগ্রামের কে এস ডিজিটাল স্টুডিওতে সম্পন্ন করা হয়।
গানটি গাওয়ার পর শুভমিতা বলেন, অনেক মেলোডিয়াস একটি গান গাইলাম, আমার খুব ভালো লেগেছে। আগের গান দুটির মত এই গানটিও শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস ,সবাইকে পুজোর শুভকামনা।
শুভমিতা এবং রঞ্জনের এটি তৃতীয় দ্বৈত গান। নতুন এই গানটি সম্পর্কে রঞ্জন বলেন, গানের সুর এবং বাণী নির্বাচনে অনেক সময় নিয়েছি তাই প্রায় এক বছর লেগে গেল নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসতে।
এর আগে ‘বল তো তুমি’ এবং ‘আকাশ তলে তুমি আমি’ শুভমিতা ব্যানার্জীর সঙ্গে গাওয়া দুটি দ্বৈত গান শ্রোতাপ্রিয়তা পায়।








