চট্টগ্রাম থেকে: দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামার আগে অপরাজেয় যাত্রা ছিল রংপুর রাইডার্সের। টানা আট ম্যাচে জিতে আগেই প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। নবম ম্যাচে রাজশাহীর কাছে ২৪ রানে হেরে গেছে গ্লোবাল চ্যাম্পিয়ন দলটি। আসরে প্রথম হারকে ‘এলার্মিং’ বলছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটে পাঠায় রংপুর। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৭০ রান তোলে রাজশাহী। জবাবে নেমে ইনিংসের চার বল বাকি থাকতে ১৪৬ রানে গুটিয়ে যায় রংপুরের ইনিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন সোহান।
বললেন, ‘অবশ্যই। আজকের আগপর্যন্ত আমরা টুর্নামেন্টে ভালো খেলেছি। অবশ্যই এটা এলার্মিং বিষয় আমাদের দলের জন্য। সবাই সবার জায়গা থেকে অবশ্যই চিন্তা করতে পারবে। ক্রিকেট জিনিসটাই এমন, ভালো খেলেই জিততে হবে। এমন নয় যে, এলেন আর জিতলেন। এটা আশা করা ঠিক নয়। যেদিন ভালো ক্রিকেট খেলবেন, নির্দিষ্ট ওই দিনেই জিতবেন। অবশ্যই সবাই এখন চিন্তা করবে জিনিসটা যে, আমরা কোন জায়গায় ভুলগুলো করেছি। এখান থেকে আরও কীভাবে শক্তিশালী হয়ে ফেরা যায়, এটা নিয়ে সবাই কাজ করবে।’
হারের কারণ হিসেবে পাওয়ার প্লের বোলিংকে দায়ী করছেন সোহান, ‘আমার মনে হয়, পাওয়ার প্লেতে আমরা ভালো শুরু করিনি। উইকেট কিছুটা ট্রিকি ছিল। তবে আমরা বেশি রান দিয়ে ফেলেছি। ১৫ ওভার পরে আমরা কিছুটা নিয়ন্ত্রণ এনেছি। কিন্তু এরমধ্যে রান হয়ে গেছে। পরে ব্যাটিংয়েও পাওয়ার প্লে আমাদের দিকে আসেনি। টি-টুয়েন্টিতে ব্যাটিং হোক বা বোলিং, প্রথম ৬ ওভার খুবই গুরুত্বপূর্ণ। দুইটাই আমাদের বিপক্ষে গেছে।’







