গ্লোবাল সুপার লিগে শ্বাসরুদ্ধকর ম্যাচে হোবার্ট হারিকেনসকে ১ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। আসরে টানা দ্বিতীয় জয় তুলেছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিটি। আগের ম্যাচের মতো পেসার খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেননি প্রতিপক্ষ ব্যাটাররা। খালেদ তুলে নেন ৪ উইকেট, হন ম্যাচসেরা।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে রোববার রাতে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনসের কাছে টসে হেরে ব্যাটিংয়ে যায় সোহানবাহিনী। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রানের সংগ্রহ জমায় রংপুর রাইডার্স। ১৫২ রানের লক্ষ্যে নেমে হারিকেনস সবকয়টি উইকেট হারিয়ে ২০ ওভারে করে ১৫০ রান।
লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি হারিকেনসদের। প্রথম ওভারে দলীয় ৪ রানে কাইল মেয়ার্স সাজঘরে ফেরান লঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাক্সেকে। চাপ কাটিয়ে ওঠার আগেই ১০০ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। প্রথম ওভারে ৩ রান দিয়ে সেট ব্যাটার বেন ম্যাকডারমটকে সাজঘরে ফেরান খালেদ। নিজের তৃতীয় ওভারে ওডেন স্মিথকে ফেরান। চতুর্থ ওভারে পরপর দুই উইকেট শিকার করেন, এটি ছিল ম্যাচে ঘুরে দাঁড়ানোর মুহূর্ত। শেষ ওভারে হারিকেনসদের প্রয়োজন ছিল ১৩ রান। আজমাতুল্লাহ ওমরজাইয়ের ওভারে ১১ রান নিতে পারে প্রতিপক্ষ দল। শেষ বলে প্রয়োজন হয় ২ রান, সেই বলে রান নিতে গেলে বিলি স্টানল্যেক হন রানআউট, ইনিংস শেষ হয় হারিকেনসদের।
আগে প্রথমে ব্যাটে নেমে ভালো শুরু করেন আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান, ৩১ বলে ৪৩ রান করেন। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে কেবল ৫ রান। দলীয় ২৪ রানে সৌম্য আউট হলে প্রথম উইকেট হারায় রাইডার্স। উইকেটে টিকে থাকা ক্যারিবীয় ব্যাটার মেয়ার্সের থেকে আসে ৪২ বলে ৬৭ রান, আটটি চার ও দুই ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। আজমাতুল্লাহ, জাদরান এবং মেয়ার্স ছাড়া আর দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি কেউ। মাঝে ১৫ বলে ১৫ রানের ক্যামিও ইনিংস খেলেন আজমাতুল্লাহ। যাতে ভর করে শেষপর্যন্ত ১৫১ রান সংগ্রহ করে রংপুর।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে বুধবার রংপুর রাইডার্স মুখোমুখি হবে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসের। বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে রাত ৮টায়।








