বিপিএলে এবারের আসরে বিতর্কের আরেক নাম দুর্বার রাজশাহী। পারিশ্রমিক জটিলতায় সমালোচনার তুঙ্গে ভ্যালেন্টাইন গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন দলটির বিদেশি ক্রিকেটাররা। অন্তত দুজন বিদেশি ছাড়া একাদশ সাজানোর নিয়ম না থাকলেও বিপিএল টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমোদনে ১১জন দেশি নিয়েই নেমেছিল তাসকিনের দল। ম্যাচের আগে দেশি ক্রিকেটারদের চেক দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে সোমবার টাকা তুলতে পারেননি ক্রিকেটাররা।
ঢাকা পর্বে খেলতে নামার আগ পর্যন্ত বিদেশিদের ৫০ শতাংশ পারিশ্রমিক দিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। দেশিদের দেয়া হয়েছিল ২৫ শতাংশ। রোববার প্রতিবাদের পর সোমবারের তারিখ দিয়ে আরও ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দেশিদের কাছে হস্তান্তর করেন ফ্র্যাঞ্চাইজি মালিক শফিক রহমান।
সোমবার সকালে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে থাকা এক ব্যাংক শাখায় যান রাজশাহীর কয়েকজন ক্রিকেটার। সেখানে চেক জমা দিয়ে জানতে পারেন আজও টাকা পাচ্ছেন না তারা। চেক বাউন্স না হলে মঙ্গলবার বুঝে পাবেন টাকা। আর বাউন্স হলে সেটাও একইদিনে জানতে পারবেন ক্রিকেটাররা।
সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লিগপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে রাজশাহী। নিয়ম অনুযায়ী এই ম্যাচের আগেই শতভাগ পারিশ্রমিক বুঝিয়ে দেয়ার কথা থাকলেও রাজশাহীর ক্রিকেটাররা তা পাচ্ছেন না। তাতে সংশয়ে আছেন দলটির ক্রিকেটাররা। এখনও ১৬ দিনের দৈনিক ভাতাও দেয়া হয়নি ক্রিকেটারদের। দলটির নিয়মিত একাদশে খেলা এক ক্রিকেটার জানালেন এমন। পাশাপাশি জানিয়েছেন, সিলেটের বিপক্ষে একজন বিদেশি ক্রিকেটার খেলতে পারেন।
‘এখনো ১৬ দিনের ডিএ (দৈনিক ভাতা) পাই আমরা। পারিশ্রমিক তো আছেই। ফারুক ভাই যেহেতু বলেছেন, তাই আমরা খেলছি। আর বিদেশিরা? আজকের ম্যাচে রায়ান বুর্ল খেলতে পারেন, বাকিরা খেলবেন না জানিয়েছেন।’







