ছুটির দিনে স্বস্তির বৃষ্টির পাশাপাশি দুর্ভোগও বয়ে এনেছে রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে যাওয়া বৃষ্টি। বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা রীতিমতো ভোগান্তিতে পরিণত হয়েছে।
আজ ৩০ মে শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশের পাশাপাশি মাঝারি থেকে ভারি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
মিরপুর, ধানমণ্ডি, মোহাম্মদপুর, পলাশী, মালিবাগ, শান্তিনগর, শেওড়াপাড়া, বাড্ডা, বসুন্ধরা গেট, পুরান ঢাকা, যাত্রাবাড়ীসহ বেশ কিছু এলাকায় সড়ক ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। কিছু কিছু সড়কে পানি জমে গিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। কোথাও কোথাও যানজটে পড়েছেন যাত্রীরা।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে এবং তা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দুপুরের পর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।







