ভারতের একাদশে লোকেশ রাহুল কেন? মিডিয়া, সমর্থক হয়ে ক্রিকেটবোদ্ধা— সবার এক কথা, ‘রাহুলকে বাদ দাও।’ দুর্দান্ত ব্যাটিং লাইনআপ থাকতেও কেন এমন ব্যাটার একাদশে, তা নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। সবার চাওয়ার বিপরীতে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। যেকোনো উপায়ে দলে রাহুলকে তিনি রাখতেনই।
রাহুলের অফফর্মের আলোচনার পারদ সপ্তমে চড়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর সমর্থকরা তাকে ‘বোঝা’ বলে ট্রল করেছেন। পাকিস্তান, নেদারল্যান্ডস হয়ে সাউথ আফ্রিকার বিপক্ষেও হাসেনি ব্যাট। তিন ম্যাচে সাকুল্যে করেছেন ২০ রান। তাতেই রাহুলে চটেছে ভারত। রোহিত শর্মার দলেও জায়গা হারানোর ঝুঁকিতে আছেন টপঅর্ডার তারকা।
ফ্লেমিংয়ের মতে, বাদ দিলে রাহুলের সেরাটা মিস করবে ভারত। নীতিনির্ধারকের কেউ একজন হলে তাকে যেকোনো উপায়ে দলে রাখতেন এবং একদম নির্ভার করে দিতেন কিউইদের সাবেক অধিনায়ক, ‘নিজের মতো খেলো, ব্যর্থ হলেও জায়গা হারাবে না।’
ভারতের অন্যতম ওপেনারকে প্রশংসায় ভাসিয়ে বাজে সময়ে আইপিএলের উদাহরণ টেনে ফ্লেমিং বুঝিয়েছেন রাহুল আসলেই গুরুত্বপূর্ণ, “আমি তাকে দলে রাখতাম। তাকে শুধু বলতাম, তুমি এখানে রানের জন্য আছো। তুমি কি করতে পারো তা ইতিমধ্যে প্রমাণ করেছ। তোমার আত্মবিশ্বাস বাড়াতে বলছি, টুর্নামেন্টের শেষ পর্যন্ত তুমি আছ।’’
রাহুলকে পূর্ণ স্বাধীনতা দিতেন ফ্লেমিং, ‘যেভাবে তুমি চাও সেভাবে খেলো। তোমাকে বাদ দিচ্ছি না। দলের মূল খেলোয়াড় তুমি, আমাকে পাশে পাবে।’ কিউই সাবেকের এই টোটকা কাজ করলেই রাহুলকে থামানো কঠিন হবে। ফ্লেমিংয়ের মতে, ‘যদি এতে তিনি ফেরেন, সেটি দুর্দান্ত হবে। শিরোপা জিততেও দারুণ উপযোগী হবে। তাই এটাই হবে আমার বার্তা।’








