অনুশীলনে চোট পাওয়ায় কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ফ্রান্সের স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুকু। চোট না সারায় একদিন আগে স্কোয়াড থেকে ছিটকে গেছেন প্রেসনেল কিমপেম্বে।
অনুশীলনের সময় সতীর্থ এডুয়ার্ডো কামাভিঙ্গার সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় এনকুকুর বাম পা মচকে যায়। পরে তার বিশ্বকাপে খেলতে না পারার খবর জানানো হয়েছে।
এমনিতেই চোটের কারণে এনগোলো কান্তে, প্রেসনেল কিমপেম্বে ও পল পগবা বিশ্বকাপে খেলতে পারছেন না। তার উপর ২৫ বর্ষী এনকুকুর বাদ পড়া ফ্রান্সের জন্য বড় এক ধাক্কাই হয়ে এলো।
ফরাসি ফুটবল ফেডারেশন বলেছে, ফিফার কাছে পাঠানো মেডিকেল ফাইলটি যাচাই হয়ে গেলেই এনকুকুর বদলি জানানো হবে।
২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফিফার নিয়ম, দলগুলো তাদের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে চোটে পড়া খেলোয়াড়ের পরিবর্তে আরেকজনকে স্কোয়াডে নিতে পারবে।








