‘আমি মনে করি, আগামী বিশ্বকাপের জন্য আমাদের ১০ নম্বর জার্সিটি প্রস্তুত রাখা উচিত। যদি সে (লিওনেল মেসি) খেলতে চায়। সে তার ক্যারিয়ার নিয়ে যা ইচ্ছা তাই করার অধিকার অর্জন করেছে। সতীর্থদের কাছে যা ছড়িয়ে দেয়, তা অবিশ্বাস্য। আমি এমন প্রভাবশালী ব্যক্তিকে চেঞ্জিং রুমে কখনো দেখিনি।’
সিদ্ধান্ত পরিবর্তন করে ২০২৬ বিশ্বকাপে মেসি খেলতে চাইলে তার জন্য দুয়ার যে খোলা থাকবে, সেটিই যেন সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
২০১৪ সালে ফিফা বিশ্বকাপের ফাইনালে হার, দুবছর পর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারে হতাশ হয়ে পড়েন মেসি। আচমকা ঘোষণা দেন অবসরের। অনেকেই ভেবেছিলেন মেসি হয়তো আর কখনো আর্জেন্টিনার জার্সি পরে খেলবেন না। পরে অবশ্য তিনি সিদ্ধান্ত পাল্টান।
গত বছর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারানোর পর নিজেদেরকে অপরাজেয় ভাবা শুরু করেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনি তেমনটাই জানালেন।
‘ব্রাজিলকে হারানোর পর, আমি মেসির সাথে কথা করেছিলাম। আমাদের সামনে আমাদের একটি বড় কাজ ছিল। আর্জেন্টিনার মানুষেরা বিশ্বাস করতে শুরু করেছিল আমাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে। আমাদের উপর চাপ বাড়ছিল।’
‘মেসি আমাকে বলেছিল যে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। তার কথা আমাকে এক অসাধারণ মানসিক উৎসাহ দিয়েছিল। বুঝতে পারছিলাম আমরা বড় কিছু অর্জনের দ্বারপ্রান্তে ছিলাম।’







