‘তারা (ফুটবলাররা) যে কাজ করেছে তার জন্য আমি গর্বিত। এটা দুর্দান্ত এক দল। আমি মানুষকে জয়টা উপভোগ করার জন্য বলতে চাই। এটা আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’
ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার ফুটবলারদের নিয়ে গর্বের কথা এভাবেই বললেন কোচ লিওনেল স্কালোনি।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করেছিল আকাশী-নীলরা। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় ব্যবধান ধরে রাখলেও ৯৭ সেকেন্ডের মধ্যে কাইলিয়ান এমবাপের জোড়া গোলে সমতায় ফেরে ফ্রান্স।
অতিরিক্ত সময়ে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। আবারও শেষবেলায় স্পট কিক থেকে সমতা টানেন এমবাপে। টাইব্রেকারে গড়ায় ম্যাচ। এমন নাটকীয় পরিস্থিতি নিয়ে স্কালোনির স্বীকারোক্তি, দল হিমশিম খেলেও তা সামলাতে পেরেছে।
‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা এমন একটি নিখুঁত খেলায় এতটা ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। অবিশ্বাস্য ব্যাপার। তবে দলটা সবকিছুতেই পাল্টা জবাব দেয়।’







