ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে জয়ের লক্ষ্যে কাতারে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। খেলোয়াড়দের অভ্যর্থনা জানাতে বহু প্রবাসী বাংলাদেশি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলকে বহনকারী উড়োজাহাজ অবতরণ করে। এর আগে বিকেল ৫টা ৫০ মিনিটে ম্যাচের ভেন্যু কাতারের উদ্দেশে দেশ ছাড়ে জামাল ভূঁইয়ারা।
বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে সবাইকে শুভেচ্ছা জানান। তাদের কয়েকজন ফুটবলারের সঙ্গে ছবিও তোলেন।
হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে হোটেলে জিম সেশনের মাধ্যমে রিকোভারি করেছে। এরপর বাংলাদেশ সময় রাত ৯টায় কাতার ইউনিভার্সিটি টিএস৪ ইস্ট ট্রেনিং গ্রাউন্ডে প্রথম অনুশীলন করবে।
আগামী ১১ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় লাল-সবুজের দল লেবাননের মুখোমুখি হবে। মধ্যপ্রাচ্যের দেশটিতে রাজনৈতিক অস্থিরতা থাকায় নিরপেক্ষ ভেন্যুতে খেলা গড়াবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুদলের প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল।








