ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি সমর্থন জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি জোর দিয়ে বলেন, এ বিষয়ে বিস্তারিত সমাধান আসতে হবে।
ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, বৃহস্পতিবার মস্কোয় সংবাদদাতাদের পুতিন বলেন, আমরা লড়াই বন্ধের প্রস্তাবের সাথে একমত। তবে আমরা এই ধারণা নিয়ে এগোচ্ছি যে, যুদ্ধবিরতি স্থায়ী শান্তির দিকে নিয়ে যাবে এবং সংকটের মূল কারণগুলো দূর করবে।
তিনি বলেন, সম্ভবত আমার প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করা উচিত এবং তার সাথে আলোচনা করা উচিত।
এর আগে পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ সহযোগী যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন, এটি কেবল ইউক্রেনের সামরিক বাহিনীকে যুদ্ধ থেকে সাময়িক অবকাশ প্রদান করবে।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে রুশ কর্মকর্তাদের সাথে বৈঠক করতে মস্কো পৌঁছানোর পর তিনি এ মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ নিশ্চিত করেন যে, তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তারা সম্মত হয়েছেন যে এই যোগাযোগে গোপনীয়তা রক্ষা করা হবে।
এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সৌদি আরবে ইউক্রেনের কর্মকর্তাদের সাথে যুদ্ধবিরতি পরিকল্পনা উপস্থাপনের জন্য বৈঠক করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, আমেরিকার প্রস্তাব অনুযায়ী ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য ইউক্রেন প্রস্তুত।







